নাটোরে বাস উল্টে খাদে, নিহত ৪




নাটোরের সিংড়ার চৌগ্রাম জোড়া সেতু এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। ছবি: মুক্তার হোসেননাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম জোড়া সেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাস মালিকের স্ত্রী-সন্তানসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াসার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সিংড়া থানা সূত্রে জানা যায়, বগুড়া থেকে লিখন পরিবহনের একটি বাস নাটোর আসার পথে চৌগ্রাম জোড়া সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে বাসটির মালিকের স্ত্রী সুলতানা বেগম (৩৬), মেয়ে ঐশী খাতুন (৬) ও ছেলে সাকিব হোসেন (৭) এবং চালকের সহকারী (অজ্ঞাত) মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহত ব্য​ক্তিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনার খবর পেয়ে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল দুর্ঘটনাস্থলে যান।

নিহত ব্যক্তিদের বাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায় বলে জানা গেছে।

বাসের আহত যাত্রী ইকবাল হোসেন জানান, বাসটি ঘন কুয়াসার মধ্য দিয়ে বগুড়া থেকে নাটোরে আসছিল। চলনবিলের ভেতর দিয়ে আসার সময় কুয়াশা আরও ঘন হয়ে আসে। এ সময় চালক রাস্তা ভুল করে পাশের খাদে পড়ে যায়।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, নিহত ব্যক্তিদের লাশ থানায় আনা হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ঘন কুয়াসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment