ওসির বিরুদ্ধে সন্তানহারা পিতার সংবাদ সম্মেলন


ওসির বিরুদ্ধে সন্তানহারা পিতার সংবাদ সম্মেলন



ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও মামলার বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের ৪ বছরের শিশু জুবায়ের হত্যা মামলার বাদী নিহত শিশুর পিতা মধু সর্দার এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মধু সর্দার উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে হরিণাকুন্ডু উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগীরা গত বছরের ৩ নভেম্বর মধু সর্দারের ৪ বছরের ছেলে জুবায়েরকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করে। ৬ নভেম্বর ওই গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মধু সর্দার থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। পরে আদালতে ১১ জনকে আসামি করে মধু সর্দার মামলা দায়ের করেন। মামলাটি এজাহার হিসেবে গন্য করে ব্যবস্থা গ্রহনের জন্য হরিণাকুন্ডু থানার ওসির বিরুদ্ধে নির্দেশ দেন আদালত। এ নির্দেশ দেওয়ার পর থেকে ওসি মাহাতাব উদ্দীন বাদী মধু সর্দার ও তার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি দেন। ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

মধু সর্দার আরও অভিযোগ করেন, ওসির ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলেও পুলিশ জিডি গ্রহণ করেনি।

এ ব্যাপারে আসামিদের গ্রেফতার ও ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মধু সর্দার। এছাড়া মামলাটি হরিণাকুন্ডু থানার পরিবর্তে অন্য কোন সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মধু সর্দারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, সংবাদ সম্মেলনে মধু সর্দার যে অভিযোগ করেছে তার সম্পূর্ণ মিথ্যা। মামলার দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment