ওবায়দুল কাদেরের বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি : রিজভী


রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রিজভী আহমেদ। ছবি : এনটিভি


পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ দেশের গণমাধ্যমেও সে তথ্য প্রকাশিত হয়েছে।

রিজভী বলেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা প্রমাণের প্রয়োজন আছে বলে তাঁর দল মনে করে না।

বিএনপি নেতা বলেন, ‘বিএনপির চেয়ারপারসন তো এটা বলছেন না। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে। খবরের কাগজ, পত্রিকা, গণমাধ্যম এখান থেকে সমস্ত কিছু উঠে আসছে। বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত চলছে সেখানেও আমরা গণমাধ্যমে পাচ্ছি যে আওয়ামী ঘরানার যারা অফিসাররা আছেন তাঁরা এর সঙ্গে জড়িত এবং একজন খুব শক্তিশালী লোক আছেন আমি নাম বলতে চাই না যে এর সঙ্গে জড়িত। আর কত তথ্য প্রমাণ দেওয়া যাবে? প্রকাশ্য যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাঁকে বলা হয়েছে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ।’

গত রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিজের বক্তব্যে পদ্মা সেতু নির্মাণ নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা জিয়ার সমালোচনা করেন ওবায়দুল কাদের। কোনো চিৎকার এই প্রকল্পকে থামিয়ে দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদেরের গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ এসব মন্তব্য করেন রুহুল কবীর রিজভী আহমেদ।

এ সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণের নামে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment