বিজয় দিবসের অনুষ্ঠান চলার সময় গতকাল শুক্রবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গাছগাছালির বাগানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।
এর আগে গত সোমবার সকাল ও সন্ধ্যায় দুই দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে সোমবারের অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার সহকারী প্রক্টর শফিক আশরাফকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আটক হওয়া শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী রুমোন মাহমুদ, ফুয়াদ হোসেন, রেজওয়ানুল হক ও পদার্থবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র শফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে প্রায় ২৮ হাজার বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছ লাগানো হয়। কিন্তু গত পাঁচ দিনে ওই তিন দফার অগ্নিসংযোগে প্রায় সাড়ে সাত শ গাছ আগুনে পুড়ে গেছে।
তদন্ত কমিটির প্রধান শফিক আশরাফ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে বিজয় দিবসের অনুষ্ঠান চলার সময় বাগানে আগুন লেগেছে এমন খবর শুনে আমরা সেখানে পুলিশ নিয়ে ছুটে যাই। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ওই চার শিক্ষার্থীকে ধরে ফেলা হয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগানোর কথা চার ছাত্রই স্বীকার করেছেন। এই মর্মে লিখিতও দিয়েছেন তাঁরা।’
শফিক আশরাফ আরও বলেন, ওই চার শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, আগুনে বাগানের কিছু গাছ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আটক ওই চারজনকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment