জমিজমা বিরোধ সংঘর্ষে গোলাম রব্বানী (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। এজাহার নামীয় একজনকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে পুলিশ। ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাইটটারী গ্রামে।
পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাইটটারী গ্রামের আব্দুল মালেক ও তার দুই ভাই আব্দুল খালেক ও আব্দুর রশিদের মধ্যে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মেটাতে গত সোমবার সকালে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে পারিবারিকভাবে শালিশী বৈঠক বসে। শালিশ বৈঠক শেষে লোকজন চলে যাওয়ার ঘন্টাখানেক পর দুপুর দেড়টার দিকে আব্দুল মালেক তার ছেলে গোলাম রব্বানী ও আব্দুল খালেক তার দুই ছেলে আব্দুস সালাম, সাইদুল ইসলাম এবং আব্দুর রশিদ ও তার ছেলে হাসান আলী, আব্দুল হাকিমসহ তাদের পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে প্রতিপক্ষের আঘাতে আব্দুল মালেক ছেলে গোলাম রব্বানী গুরুতর আহত হয়। তাদের নাাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোলাম রব্বানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে চিকিৎসক গোলাম রব্বানীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে ১১টার দিকে তার মৃত্যু ঘটে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহতের পিতা আব্দুল মালেক বুধবার তার ভাই আব্দুল খালেক, তার দুই ছেলে আব্দুস সালাম, সাইদুল ইসলাম এবং আর এক ভাই আব্দুর রশিদ ও তার ছেলে হাসান আলী, আব্দুল হাকিমসহ ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ এজাহার নামীয় আসামী আব্দুর রশিদের ছেলে হাসান আলীকে গ্রেফতার করে কোর্টে পাঠায়।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওইদিন আমরা মীমাংশা করে দিয়ে আসার ঘন্টাখানেক পর সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় এলাকায় একদিকে শোক বইছে। অন্যদিকে লোকজনের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার তদন্ত ওসি মাসুমুর রহমান জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুনরায় ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ টহল রাখা হয়েছে।
0 comments:
Post a Comment