
ইনজুরির কারণে বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম খেলতে পারছেন না। তাই বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটছে তামিম ইকবালের। তিনি হবেন বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক।
এক সংবাদ সম্মেলনে তামিম নিজেই জানিয়েছেন বিষয়টি। সেই সাথে জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইমরুল কায়েসও থাকতে পারছেন না।
সংবাদ সম্মেলনে তামিম জানান, ‘সিরিজের দ্বিতীয় টেস্টে আমরা মুশফিক-ইমরুল দুইজনকেই পাচ্ছি না। মুশফিকের সুস্থ হতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে আর ইমরুলের লাগবে দিন দশেক। খুব বড় সমস্যা নেই, দুশ্চিন্তারও কিছু নেই। ভারতের বিপক্ষে টেস্টে দুজনকেই পাব আমরা।’
সিরিজের প্রথম টেস্টে ব্যাট করার সময় ওয়েগনারের বল বাঁ হাতের বুড়ো আঙুল আর ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। এরপরও খেলেন ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে বল লাগে হেলমেটে। সেটা সমস্যা করেনি, সেরে উঠেছে তর্জনীও। বাঁধ সাধল বুড়ো আঙুল। আর মুশফিক মাঠে না থাকায় দীর্ঘ সময় কিপিং করেছিলেন ইমরুল। এরপরই নামেন ব্যাটিংয়ে। কিন্তু একটি দ্রুত রান নেওয়ার চেষ্টায় ডাইভ নিয়ে টান লাগে বাঁ ঊরুতে। পরে দেখা যায় বাঁ-হাতি এই ব্যাটসম্যানের ঊরুর টিস্যু ছিড়ে গেছে।
এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ০-১ এ পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশকে নামতে হচ্ছে তাই নির্ভরযোগ্য দুজনকে ছাড়াই। ইমরুলের জায়গায় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার।
আরেকটি খবর হলো, আগামী ম্যাচেই টেস্ট অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের।
0 comments:
Post a Comment