সাংসদ মনজুরুল ইসলাম হত্যা জামায়াতের দুই কর্মী রিমান্ডে




গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার জামায়াতের দুই কর্মীকে গতকাল রোববার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ছাড়া গতকাল আরও সন্দেহভাজন দুই জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকালও সমাবেশ হয়েছে সুন্দরগঞ্জে।






সাংসদ হত্যার ঘটনায় গ্রেপ্তার আশরাফুল আলম ও তাঁর সহযোগী জহিরুল হককে জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার সাত দিনের রিমান্ড চায় পুলিশ। গতকাল শুনানি শেষে দুজনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ।
আশরাফুল আলম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে। ঢাকার বাড্ডা থেকে গত বুধবার রাতে তাঁকে ও জহিরুলকে গ্রেপ্তার করে র্যা ব। এরপর তাঁদের সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান গতকাল বলেন, আশরাফুল ও জহিরুলকে সাংসদ হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি বলেন, গতকাল ভোরে আটক সন্দেহভাজন দুই ব্যক্তি হলেন সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমেরতল গ্রামের কাদের মিয়া (৩৮) ও একই উপজেলার মনমথ গ্রামের মোহাম্মদ আলী (৪৭)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তাঁরাও জামায়াত কর্মী। সাংসদ হত্যার ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওসি মো. আতিয়ার রহমান বলেন, সাংসদ হত্যার ঘটনায় এ পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। বাকিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ ছাড়া আটক করা হয়েছে সন্দেহভাজন আরও ৪০ থেকে ৫০ জনকে।

সাংসদকে হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি রশিদুল করিম। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment