মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৪ ডিসেম্বর উভয়ের সম্মতিতে তাঁরা বিয়ে করেন।
এজাহারে তরুণী বলেন, প্রায় সাত বছর আগে আরাফাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর সূত্র ধরে দুজনের মধ্যে যে ঘনিষ্ঠতা হয়, তার একপর্যায়ে পরস্পরকে ভালোবেসে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। কিন্তু বিষয়টি তাঁরা অভিভাবকদের জানাননি।
তরুণী বলেন, ‘বিগত দিনে সে (আরাফাত) আমাকে বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার জন্য বলে। কিন্তু কিছুদিন হলো সে এ বিষয়ে কোনো কর্ণপাত করে না। সে নানা রকম অজুহাত দেখায়, কালক্ষেপণ করতে থাকে। যখন আমার পরিবার থেকে তুলে নেওয়ার কথা বলে, তখন সে সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থা করে।’
এজাহারে আরো উল্লেখ করা হয়, ‘এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে সে আমার নাম নাসিরন সুলতানা নামে তার ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ফেসবুকে আইডি খোলে। এর পর তাঁর কাছে থাকা আমাদের দুজনের কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে এবং আমার একক কিছু ছবি আমার ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। এর পর সে আমাকে নানা রকম হুমকি দিতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করেছি।’
আজ রোববার সকালে রাজধানীর আমিনবাজার থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
আরাফাত সানি রিমান্ডে
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ ক্রিকেটার আরাফাত সানিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সানির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন
সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ এনটিভি অনলাইনকে জানান, সকালে আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এনটিভি অনলাইনকে জানান, ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর দাবি, সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক আছে। তাঁদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।
আজ সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ‘মেয়েবন্ধু’ নাসরিন সুলতানার করা মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
0 comments:
Post a Comment