সুরঞ্জিতের এপিএসের কারাদণ্ড, সোয়া কোটি টাকা জরিমানা

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা এবং মোহাম্মদপুরে তাঁর একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানা দিতে না পারলে বাড়তি আরো দুই বছর ছয় মাস কারাভোগ করতে হবে।

আজ রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

ওমর ফারুকের আইনজীবী আবদুর রশিদ জানান, রায় ঘোষণার সময় তাঁর মক্কেল আদালতে হাজির ছিলেন। রায় শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ওমর ফারুককে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি প্রায় দুই কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৩৩(৮)১২। পরে এ ঘটনায় বাদীই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment